Views Bangladesh Logo

ঈদে যাত্রীপ্রতি ২০০ টাকা বাড়তি ভাড়া চান বাসমালিকরা

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীপ্রতি ২০০ টাকা বাড়তি ভাড়া দাবি করেছেন বাস মালিকরা। তাদের দাবি, ঈদের সময় যাত্রীরা একমুখী হওয়ায় ফেরার পথে বাসগুলো যাত্রীশূন্য থাকে। এতে লোকসান হয়। অতিরিক্ত খরচ মেটাতে এই বাড়তি ভাড়া প্রয়োজন।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ উপলক্ষে আয়োজিত অংশীজন সভায় এ দাবি জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, অতিরিক্ত ভাড়া না নেয়ার বিষয়ে প্রতিটি টার্মিনালে মালিক, শ্রমিক সবাইকে নির্দেশনা দেয়া আছে। এ জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। কিন্তু প্রকৃত বিষয় হলো— ঈদে একমুখী যাত্রী হয়ে যায়। আমাদের হিসাব হচ্ছে বাসে যদি ৭৫ শতাংশ যাত্রী হয়, সে ক্ষেত্রে ১০ শতাংশ লাভ হয়।

তিন বলেন, ফেরার পথে ২৫ শতাংশ যাত্রী হলেও তাতে লস হয়। এ কারণে সব নির্দেশনা দেয়ার পরও ওই সময়ে এই কাজ (অতিরিক্ত ভাড়া আদায়) করা হয়ে থাকে। যেমন- একমুখী যাত্রার বিষয়ে বিমান বেশি ভাড়া নিয়ে খরচ পুষিয়ে থাকে। আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়েছি ঈদের বিশেষ দিনগুলোতে যদি বাড়তি ভাড়া ধরে দেয়া যায়, তাহলে এটি রোধ করা সম্ভব হবে।

সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন বলেন, আমরা চেয়েছি ঈদের আগে ৭ দিন ও ঈদের পরে ৭ দিন যাত্রীপ্রতি ২০০ টাকা। স্থায়ী ভাড়া বৃদ্ধির কোনো বিষয় এখানে রাখিনি।

তবে পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভাড়ার বিষয়টি আমরা ঈদের পরে দেখব।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ