রাঙ্গামাটিতে ৪০ যাত্রী নিয়ে বাস উল্টে দুর্ঘটনা
রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে পড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি–চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল। ঈদের ছুটি শেষে গার্মেন্টসে কর্মরত যাত্রীরা চট্টগ্রামে ফিরছিলেন। পথে পাহাড়ি ঢালু ও বাঁকানো সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও কয়েকজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, এ ঘটনায় মোট ১৯ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে