Views Bangladesh Logo

ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, ১৯ জন আহত

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। অন্যদিকে ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। এতে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। অন্যদিকে ট্রাকটি রাস্তার পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন একটি খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ১৯ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে উভয় যানবাহনের চালক ও হেলপারও রয়েছেন।

বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত দেখতে পেয়েছেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ