Views Bangladesh Logo

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে ওঠার পর নিয়ন্ত্রণ হারায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে বাসটি সড়কের পাশের রেলিংয়ে জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন এবং কয়েকজন আটকা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসটির গতিবেগ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ