Views Bangladesh Logo

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাটুরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘আল বরাক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলা সাড়ে ১১টার দিকে ঝাটুরদিয়া বাজারের পাশের ব্রিজ পার হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের বাম পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোঃ শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আহত ২৭ জনকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। বাসটি মহাসড়ক থেকে প্রায় ৫০/৬০ ফিট নিচে খাদে পড়ে যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার সুইটি জানান, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চার জন ভর্তি রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঝাটুরদিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ