প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ভাড়ার বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জ্বালানির বাড়তি দামের প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে যাত্রীদের ওপর বাড়তি চাপ কমাতে প্রস্তাবিত হারের চেয়ে কম, অর্থাৎ কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে ভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৭ পয়সা। মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন এবং মহানগর ও জেলা পর্যায়ে একই হারে বাড়তি ভাড়া কার্যকর হবে।
তিনি বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও তা যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট মালিক সমিতি ব্যবস্থা নেবে। পাশাপাশি প্রশাসনিকভাবেও বিষয়টি দেখা হবে বলে জানান তিনি।
এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত ছিল।
দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি বাসে যাত্রীদের তুলনামূলক বেশি আরাম দিতে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামানো হয়েছে। এসব বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যুক্ত থাকে। নতুন করে কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধির পর দূরপাল্লা ও নগর পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।
মতামত দিন