Views Bangladesh Logo

নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি থেকে পড়ে যায় বাসটি: তদন্ত প্রতিবেদন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে অন্তত ২৬ জনের মৃত্যুর ঘটনায় ঘাটের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি, ঘাট পরিচালনার বিশৃঙ্খলা এবং বাসের যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এনেছে তদন্ত কমিটি।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে এ সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। প্রতিবেদনের দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব সুনির্দিষ্টভাবে তুরে ধরা হয়েছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার পেছনে ঘাটের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও ঘাট পরিচালনার বিশৃঙ্খলা এবং বাসের যান্ত্রিক ত্রুটিসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ করা হয়।

তদন্ত কমিটির প্রধান উছেন মে বলেন, ‘আমরা প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তদন্ত সঠিকভাবে করার স্বার্থে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি। আমরা দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করেছি।’ এর বেশি কিছু বলতে চাননি তদন্ত কমিটির প্রধান।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‌‘তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। প্রতিবেদনটি আমরা মন্ত্রিপরিষদ বিভাগ বরাবর প্রেরণ করবো। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

গত ২৫ মার্চ বিকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন নামে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে রাজবাড়ী জেলার ১২টি পরিবারের ১৮ জন রয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ার চার জন, ঝিনাইদহের একজন, গোপালগঞ্জের একজন, দিনাজপুরের একজন এবং ঢাকার আশুলিয়ার একজন। কোনও পরিবারের মা-ছেলে ও নাতির মৃত্যু হয়েছে, কোনও পরিবারে স্বামী-স্ত্রী, আবার কোনও পরিবারে মা-মেয়ে, মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ওই দিন রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে কে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে সদস্যসচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ