ইতালিতে বাস দুর্ঘটনায় বিদেশি পর্যটকসহ নিহত ২১
ইতালির ভেনিস শহরের কাছে একটি ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে বাসটিতে আগুন ধরে যায়। আর এই দুর্ঘটনাকে বড় ট্র্যাজেডি হিসেবে অ্যাখ্যা দিয়েছেন ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো।
গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) ইতালির মেস্ত্রে জেলার ফ্লাইওভারের সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় ওই যাত্রীবাহী বাসটি। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং চালক ইতালির নাগরিক। এ দুর্ঘটনায় আহত ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কজনক।
ধারণা করা হচ্ছে, ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার পর্যটকরা বাসে অবস্থান করছিলেন। বাসটি মিথেন গ্যাসে চলছিল। বিদ্যুতের লাইনে পড়লে আগুন ধরে যায়।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও বের করতে পারেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত করছে প্রশাসন।
মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে