ভারতের উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ৩৬
ভারতে হিমালয়ের গিরিখাতে একটি যাত্রীবাহী বাস পড়ে গিয়ে অন্তত ৩৬ জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দেশটির উত্তরাখণ্ড রাজ্যে দুর্ঘটনাটি ঘটে।
সরকারি উদ্ধারকারী দলগুলোর প্রকাশ করা ছবিতে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ঘন জঙ্গলে বাসটি পড়ে যায়। এতে বাসটির সামনের দিকের অংশটি প্রায় সমান হয়ে দুমড়ে মুচড়ে যায়।
উত্তরাখণ্ডের একজন সিনিয়র কর্মকর্তা দীপক রাওয়াত সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।‘
তিনি আরও বলেন, ‘গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে।‘
এ বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আলমোড়া শহরের কাছে পাহাড়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ভাগ্যজনক এই সড়ক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ ব্যাপারে মোদির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে ২ হাজার ৩৮০ মার্কিন ডলার এবং আহতদের পরিবারকে ৫৯৫ মার্কিন ডলার দেয়া হবে।
উল্লেখ্য, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ মারা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে