আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি ২ জুলাই
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ জুলাই তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার (২৪ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত সংস্থা গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে। এতে পুলিশ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। অভিযুক্তদের মধ্যে আটজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছয়জন ছাত্র আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে এবং পরে তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে তোলে।
প্রত্যক্ষদর্শীর সাক্ষী ও ভিডিও ফুটেজের ভিত্তিতে জানা যায়, ওই ছয়জনের একজন তখনও জীবিত ছিলেন। কিন্তু পুলিশ সদস্যরা মরদেহগুলোর ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে তিনিও মারা যান।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘যখন মরদেহগুলো পুড়ছিল, তখন একজন ছেলে জীবিত ছিল। পরে পুলিশ তার ওপর পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে মেরে ফেলা হয়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে