জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ের দাফন সম্পন্ন
জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে (১৭) দাফন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে ৮টায় উপজেলার পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়ির উঠানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় শহীদ জসিম উদ্দিনের মেয়ে। পরে এ ঘটনায় সে নিজে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এরইমধ্যে অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পরিবারের দাবি, ধর্ষণের শিকার হওয়ার পর থেকে মেয়েটি গভীর মানসিক যন্ত্রণায় ভুগছিল। সামাজিক লজ্জা, অবহেলা ও ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা তার মধ্যে চরম হতাশা তৈরি করে। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিতে সে বাধ্য হয়েছে।
এ ব্যাপারে পটুয়াখালীর দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে