আমলারা এখন বিভিন্ন পরিচয়ে হাজির হচ্ছেন: ড. দেবপ্রিয়
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সিপিডির বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমলারা এখন বিভিন্ন পরিচয়ে মানুষের সামনে হাজির হন, যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
‘যে ব্যক্তি আজ একজন আমলা, তিনি আগামীকাল রাজনীতিবিদ এবং পরদিন ব্যবসায়ী পরিচয়ে পরিচিত হচ্ছেন। তারা আমাদের সামনে বিভিন্ন রূপে আসায় সমস্যা দেখা দিচ্ছে’- বলেন তিনি।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নাগরিক সম্মেলনের একীভূত অধিবেশনে বক্তব্য দেন ড. দেবপ্রিয়। বলেন, ‘অনেক ক্ষেত্রে, এই তিনটি পরিচয় একই ব্যক্তির সাথে সম্পর্কিত’।
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), বাংলাদেশ এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ‘সুশাসনের জন্য জনকেন্দ্রিক সংস্কার: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা’ শীর্ষক দুদিনের এই সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।
প্রখ্যাত এই জননীতি বিশ্লেষক অংশগ্রহণকারীদের কাছে জানতে চান, ‘কে সবচেয়ে শক্তিশালী- আমলা, রাজনীতিবিদ বা ব্যবসায়ী?’ তারা জবাব দেন- ‘আমলা’।
এরপর তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভাগুলোতেও আমলাদের ‘সবচেয়ে শক্তিশালী’ বলে আখ্যায়িত করা হয়েছে।
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দেন ড. দেবপ্রিয়।
তিনি বলেন, ‘স্বাধীন স্থানীয় সরকার কমিশন থাকলে সাধারণ অজুহাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করার সংস্কৃতি রোধ এবং স্থানীয় সরকার সংস্থার জন্য বাজেট বরাদ্দ করা যাবে’।
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক ব্যবহারের বিধান প্রত্যাহারেরও সুপারিশ করেন সিপিডির এই বিশিষ্ট ফেলো।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনাক জাহানের সভাপতিত্বে অধিবেশনে ছিলেন সিপিডির আরেক বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং ইউএনডিপি, বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে