Views Bangladesh Logo

আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না শেখা বা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয় দেখতে বিদেশ সফরে যেতেন। সেই সময় এখন আর নেই।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ১২ বছরের প্রাক্-উচ্চশিক্ষা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে এবং কোনো সেশনজট থাকবে না। শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না করে যুগোপযোগী ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, নতুন কারিকুলামে ধাপে ধাপে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পাঠ্যবইয়ে প্রকৃত ও কালানুক্রমিক ইতিহাস সংযোজন এবং সময়োপযোগী পরিবর্তনের কাজ চলমান রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো এবং নতুন মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষা সবার সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, ধাপে ধাপে সাম্যের ভিত্তিতে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।

ভর্তি পরীক্ষার ফল আগেভাগে প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি কোনো কারিগরি জটিলতা নয়। একজন অপারেটর অনুমতি ছাড়াই আগেভাগে ফল প্রকাশ করেছিলেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ