মোটরসাইকেলে এসে গুলি, আহত দোকানি, লক্ষ্য ছিলেন বিএনপি নেতা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক দোকানি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইয়াছিন সেন্টু (৪৫) বুকে ও হাতে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশের দাবি, গুলির মূল লক্ষ্য ছিলেন জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম। ঘটনার সময় তিনি ইয়াছিন সেন্টুর সঙ্গে হকার্স সমবায় সমিতির কার্যালয় থেকে বের হয়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাশেমকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। তবে পাশে থাকা একজন তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াছিন সেন্টুর হাতে ও বুকে লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কাশেম রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন