ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাতপরিচয় তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কটির পাশে উপজেলার দোগাছি সার্ভিস সড়কে অজ্ঞাতপরিচয় মেয়েটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মরদেহের পাশে পাঁচটি গুলির খোসা পড়ে থাকায় পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কটিতে হাঁটতে দেখেছেন স্থানীয়রা। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তার সঙ্গে আরও কেউ ছিল কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ‘মরদেহটির পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে। তাই প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ভোরে এখানে এনে গুলি করে হত্যা করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নিয়ে তদন্ত করছি’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে