রোহিঙ্গা ক্যাম্পে মিলল গুলিবিদ্ধ মরদেহ
কক্সবাজারের টেকনাফে নয়া পাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার জানান, নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৫০)। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পুলিশের দাবি, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
পরিদর্শক সুশান্ত সরকার বলেন, সকালে স্থানীয়রা সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। পরদিন ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন এপিবিএনের ওই কর্মকর্তা।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে