বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: তিন আসামির ২ দিনের রিমান্ড
পুর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মোহসিন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, শুক্রবার বিকেলে পুলিশ আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কায়ুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।'
এছাড়া, শনিবার রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে তিন আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান এ মামলা দায়ের করেন।
শুক্রবার ভোররাত ৩টার দিকে পুর্বাচলে একটি পুলিশ চেকপয়েন্টে পার্ক করা মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ ঘটনাস্থলেই নিহত হন। তার দুই সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে