বাজেটে কৃষি খাতে বরাদ্দ ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ছে ২ হাজার ২৭৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে নতুন বছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে বছরে কর্মাভাবকালীন ৫ মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের প্রায় ১ কোটি পরিবারের নিকট টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল, ডাল, তেল ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। খাদ্যের অপচয় রোধে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২১.৮৬ লাখ মে.টনে উন্নীত করা হয়েছে এবং আগামী অর্থবছরে তা ২৯ লাখ টনে উন্নীত করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে