বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার প্রস্তাব করা হবে। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ৬ হাজার কোটি টাকা কম।
তিনি বলেন, 'ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাই বাজেট ঘাটতিও বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২ দশমিক ৯ শতাংশ; পক্ষান্তরে ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৪ দশমিক শূন্য ৫ শতাংশ হয়েছে।'
এ অবস্থা থেকে উত্তরণের পথ বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, 'ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্নসমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছি। এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।'

মতামত দিন