Views Bangladesh Logo

বাজেটের ব্রিফকেস: একটি ব্যাগের দুই শতকের যাত্রা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেদিন সব আলোর কেন্দ্রে থাকবে তার হাতের ব্রিফকেসটি। লাখ লাখ কোটি টাকার বাজেট কি সত্যিই ওই ব্যাগে থাকে? না, থাকে না। থাকে বক্তৃতার খসড়া, কর-শুল্কের প্রস্তাব আর অর্থনীতির দিকনির্দেশনার নথি। কিন্তু এই ব্যাগটি নিছক একটি ব্যাগ নয় — এর পেছনে রয়েছে প্রায় দুই শতকের ইতিহাস।

‘বাজেট’ শব্দটির শিকড়ও একটি ব্যাগেই। প্রাচীন ফরাসি শব্দ ‘Bougette’ থেকে আসা এই শব্দের অর্থ ছোট চামড়ার থলি। একসময় সরকারি আয়-ব্যয়ের হিসাব ওই ধরনের থলিতে ভরে আইনসভায় আনা হতো। থলির নামটিই ক্রমে হয়ে উঠল রাষ্ট্রের বার্ষিক আর্থিক পরিকল্পনার নাম।

আধুনিক ব্রিফকেসের ধারণাটি পাকাপাকি রূপ পায় ১৮৬০ সালে। সেবার ব্রিটিশ অর্থমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন বাজেটের নথি বহনের জন্য সোনালি প্রতীকখচিত একটি বিশেষ লাল বাক্স ব্যবহার করেন। সেই ‘রেড বক্স’ পরবর্তী দেড় শতাব্দী ধরে ব্রিটিশ বাজেটের প্রতীক হয়ে ওঠে এবং ঔপনিবেশিক শাসনের সূত্র ধরে উপমহাদেশেও ছড়িয়ে পড়ে।

উপমহাদেশে প্রথম আধুনিক বাজেট পেশ হয় ১৮৬০ সালে কলকাতায়, ব্রিটিশ অর্থনীতিবিদ জেমস উইলসনের হাতে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জুন প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ— তার হাতেও ছিল সেই ব্রিফকেস।

ব্রিফকেসটি কেবল প্রতীকী নয়, কার্যকরভাবেও গুরুত্বপূর্ণ। বাজেটের তথ্য আগে ফাঁস হলে বাজারে অস্থিরতা, শেয়ারবাজারে অস্বাভাবিক লেনদেন এবং পণ্য মজুতের সুযোগ তৈরি হতে পারে। ১৯৪৭ সালে ব্রিটিশ অর্থমন্ত্রী হিউ ডাল্টন সংসদে ঢোকার আগেই সাংবাদিকদের কাছে কর-সংক্রান্ত তথ্য বলে ফেলেন — সেই তথ্য পত্রিকায় ছাপা হওয়ার আগেই বাজেট পেশ করা সম্ভব হয়নি, এবং শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়।

সময়ের সঙ্গে ব্রিফকেসের চেহারা বদলেছে। বাংলাদেশে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেরুন ও কালো রঙের ব্রিফকেস ব্যবহার করেছেন। ভারতে ২০১৯ সালে নির্মলা সীতারমন ব্রিফকেসের বদলে লাল কাপড়ে মোড়ানো ঐতিহ্যবাহী ‘বহি-খাতা’ এবং ২০২১ সালে ট্যাবলেট কম্পিউটার হাতে বাজেট পেশ করেন।

তবে প্রতীকটি এখনো টিকে আছে। বাজেট তৈরির পুরো প্রক্রিয়া এখন ডিজিটাল হলেও সংসদের পথে অর্থমন্ত্রীর হাতের ব্রিফকেসটির দিকে তাকিয়ে থাকেন কোটি মানুষ। ভেতরে নগদ নেই, কিন্তু আছে তাদের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ