Views Bangladesh Logo

আলটিমেটাম দিয়ে ক্লাস-পরীক্ষায় ফেরার ঘোষণা ববি শিক্ষকদের

পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষকরা। তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক।

‘বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ’-এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে শিক্ষকরা জানান, গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিনদের ত্রিপক্ষীয় সভায় একটি সিদ্ধান্ত হয়েছে। সেখানে আশ্বস্ত করা হয় যে, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, নীতিমালা ও চর্চা অনুযায়ী চলমান সংকট সমাধান করা হবে। এর পরিপ্রেক্ষিতে ৩ মে (রোববার) শিক্ষকদের সাধারণ সভায় ৪ মে (সোমবার) থেকে সব ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত হয়। তবে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের চলমান অসহযোগ আন্দোলন প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় সংকটের যথাযথ সমাধান না হলে ১০ মে থেকে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আরও তীব্র কর্মসূচি পালন করবে শিক্ষক সমাজ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ২২ এপ্রিল থেকে আমরণ অনশন, কর্মবিরতি, কমপ্লিট শাটডাউন ও অসহযোগ আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এ নিয়ে ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিভাগীয় কমিশনার ও ডিনদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংকট সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষকদের কর্মসূচি থেকে সরে এসে পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ