হাতিয়ায় বিটিভি সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় বিটিভি সাংবাদিক মিরাজ উদ্দিনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় নির্বাচনী দায়িত্ব পালনকালে তার ওপর এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গামছাখালী এলাকায় যান সাংবাদিক মিরাজ উদ্দিন। এ সময় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে এলোপাথাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী। আরও অভিযোগ রয়েছে, বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের পুনর্বাসনকে কেন্দ্র করে আজাদ ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে