Views Bangladesh Logo

বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ভ্যাট মওকুফ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব কেনার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিশোধযোগ্য ৭৩ কোটি টাকার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে সরকার। এ সুবিধা দিতে গিয়ে চারটি শর্তও আরোপ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

সম্প্রতি জারি করা এক আদেশে আইআরডি জানায়, ২৩ জুন ২০২৬ থেকে এই ভ্যাট অব্যাহতি কার্যকর হবে। তবে এটি শুধু ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে বিটিভির পরিশোধযোগ্য অর্থের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সরকারি তথ্য অনুযায়ী, এবার বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনেছে। এতে ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা, যা আগের বিশ্বকাপের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম। গত ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আইআরডির শর্ত অনুযায়ী, অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে বিটিভিকে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের কাছে বিস্তারিত হিসাব জমা দিতে হবে। এছাড়া বিটিভির কোনো সাব-লাইসেন্সধারী প্রতিষ্ঠান এ ভ্যাট অব্যাহতির সুবিধা পাবে না এবং বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ছাড়া দেশের অভ্যন্তরে গ্রহণ করা অন্য কোনো সেবার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

আইআরডি জানিয়েছে, ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিশ্চিত করা এবং সরকারি সম্প্রচারমাধ্যমের ব্যয় কমানোর লক্ষ্যেই এই বিশেষ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সব শর্ত যথাযথভাবে অনুসরণ করেই বিটিভিকে এ সুবিধা গ্রহণ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ