Views Bangladesh Logo

ফিফার নিলামে জিমিনের সেই শার্ট বিক্রি হলো কোটি টাকায়

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিনের পরা একটি শার্ট ফিফার নিলামে রেকর্ড ১ লাখ ১০ হাজার ডলারে ( যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি) বিক্রি হয়েছে। এই আন্তর্জাতিক নিলামে শার্টটি বিশ্বকাপ ফাইনালের অফিসিয়াল ম্যাচ বলের সমান দামে বিক্রি হয়ে অন্যতম সর্বোচ্চ দামি আইটেমের স্থান দখল করে নিল।

আন্তর্জাতিক নিলাম সংস্থা ক্রিস্টিজ আয়োজিত ‘ওয়ান গোল: অ্যান অকশন ফর দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক এক সপ্তাহব্যাপী অনলাইন নিলামটি গত বুধবার শেষ হয়। এতে ২৪টি দেশের সংগ্রাহকরা অংশ নেন। নিলাম থেকে সর্বমোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগৃহীত হয়েছে, যা আয়োজকদের প্রাথমিক প্রত্যাশাকে অনেকটাই ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিটিএস তাদের বিশ্বখ্যাত গান ‘ডাইনামাইট’ পরিবেশন করে কোটি টিভি দর্শকের মন জয় করে নেয়। হাফটাইম শোতে ব্যান্ড সদস্যদের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন অনুষঙ্গই ছিল এই নিলামের মূল আকর্ষণ। পুরো নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ বা ৩ লাখ ৩০০ ডলার এসেছে কেবল বিটিএস সদস্যদের স্মারক সামগ্রী থেকে।

অন্যান্য সদস্যদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে ভি-এর স্কার্ফ এবং জংকুকের জ্যাকেট প্রতিটি ৪৬ হাজার ২০০ ডলারে বিক্রি হয়। এছাড়া সুগার ট্রাউজার্স ৩৩ হাজার ডলার, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলার, আরএম-এর বুট ১৯ হাজার ৮০০ ডলার এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।

বিটিএস ছাড়াও ক্রীড়া ও সংগীত জগতের অন্যান্য আন্তর্জাতিক তারকাদের স্মারক সামগ্রীও নিলামে স্থান পায়। পপ আইকন শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষরিত আর্জেন্টিনার একটি জার্সি বিক্রি হয় ৬৬ হাজার ডলারে। উদ্বোধনী অনুষ্ঠানে পপসম্রাজ্ঞী ম্যাডোনার ব্যবহৃত গোলকিপার গ্লাভস ৪১ হাজার ৮০০ ডলার এবং হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা স্নিকার ২৬ হাজার ৪০০ ডলারে বিক্রি হয়।

নিলাম থেকে অর্জিত সমুদয় অর্থ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ জমা হবে। ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ে ফুটবলের সুযোগ সম্প্রসারণে এই অর্থ ব্যয় করা হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ