Views Bangladesh Logo

গ্র্যামির জন্য গান জমা দেবে না বিটিএস, সিদ্ধান্তে অবাক ভক্তরা

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস–এর জন্য নিজেদের কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। গ্রুপটির সাত সদস্য— আর এম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক— ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিবৃতিতে বিটিএস লিখেছে, এ বছর গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি, অঞ্চল বা ভাষার সীমার বাইরে গিয়ে সংগীতকে তার নিজস্ব মূল্যেই শোনা ও গ্রহণ করা হবে।

বিটিএসের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ভক্তরা। কারণ দীর্ঘদিন ধরেই গ্র্যামি স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই কে–পপ দলটি।

২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দিয়েছে রেকর্ডিং একাডেমি। এর প্রায় এক মাস পরই বিটিএসের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের ঘোষণা এলো।

নতুন বিভাগ সম্পর্কে রেকর্ডিং একাডেমি জানিয়েছে, এশিয়ার স্বীকৃত পপসংগীত পরিবেশনার শৈল্পিক উৎকর্ষকে সম্মান জানাতেই এই বিভাগ চালু করা হচ্ছে। এতে কে–পপ, জে–পপ, সি–পপসহ এশিয়ার বিভিন্ন সংগীতধারা অন্তর্ভুক্ত থাকবে। তবে মনোনয়নের জন্য গানে এক বা একাধিক এশীয় ভাষার অর্থবহ ব্যবহার থাকতে হবে।

নতুন এই বিভাগ নিয়ে দক্ষিণ কোরিয়ার সংগীতাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে এশীয় পপসংগীতের বৈশ্বিক প্রভাবের স্বীকৃতি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, এর মাধ্যমে এশীয় শিল্পীদের গ্র্যামির মূলধারার বিভাগ থেকে আলাদা করে রাখা হচ্ছে।

এর আগে একাধিকবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে বিটিএস। তবে এখনো পর্যন্ত গ্র্যামির ট্রফি জিততে পারেনি দলটি।

সামরিক প্রশিক্ষণ শেষে চলতি বছরের মার্চে ‘আরিরাং’ অ্যালবাম প্রকাশ করে বিটিএস। অ্যালবামটি ব্যাপক সাড়া ফেলে। ভক্তদের অনেকেই আশা করেছিলেন, এবার হয়তো গ্র্যামি জিততে পারে দলটি। তবে নতুন সিদ্ধান্তের কারণে এবার সেই সম্ভাবনা থাকছে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ