স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্থা বিটিআরসি: ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী
২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের চারটি পিলার - স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট বাস্তবায়নে বিটিআরসি অনবদ্য ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে প্রথমবারের মত পরির্দশনকালে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর উধ্বর্তন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার প্রতিমন্ত্রীকে কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় প্রতিমন্ত্রী বলেন, টেলিযোগাযোগ খাতে শৃংখলা রক্ষা, সাইবার নিরাপত্তা, রাজস্ব অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান, কর্মসংস্থান সৃষ্টি এবং টেলিযোগাযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফিজিক্যাল সিকিউরিটি নিশ্চিতে অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের ম্যাধমে কাজ করে যাচ্ছে বিটিআরসি।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন, সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া, ইলেকট্রনিক ডিভাইস উৎপাদনকারী দেশে পরিণত হওয়া বিষয়গুলোতে বিটিআরসি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল জানিয়ে তিনি বলেন, আমরা চাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসি নতুন একটা উদাহরণ ও ইউনিক মডেল তৈরি করবে যা পুরো বিশ্বের নিকট অনুকরণীয় হবে।
এদিকে বিটিআরসি রেগুলেটর হিসেবে নয় ফেসিলিটেটর হিসেবে কাজ করছে উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বর্তমানে ১৬টি প্রতিষ্ঠানকে দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে। ফলশ্রুতিতে এখাতে বিনিয়োগ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা, কর্মসংস্থান হয়েছে ৩০ হাজার মানুষের, বাৎসরিক মোবাইল উৎপাদন ক্যাপাসিটি তিন কোটির ওপরে। বিটিআরসি’র অনেক কার্যক্রম তথ্যপ্রযুক্তি বিভাগের সংশ্লিষ্টতা রয়েছে, তাই উক্ত বিভাগের সাথে কমিশনের কার্যক্রমের নিবিড় সর্ম্পক ও সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি ।
সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌঃ শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, ডাক ও টেলিযোগযোগ বিভাগের অতিরিক্ত সচিব (টেলিকম) মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাতসহ বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে