১৭ মে ই-লাইসেন্স চালু করছে বিটিআরসি
বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে আগামী ১৭ মে থেকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক লাইসেন্সিং সিস্টেম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ওইদিন থেকে লাইসেন্স ইস্যু, নবায়ন বা সংশোধন— সব কিছুই হবে লাইসেন্সিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) পোর্টালের মাধ্যমে। আগের হাতে লেখা বা হার্ডকপি লাইসেন্স ইস্যুর পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, সেবা সহজ, স্বচ্ছ ও দ্রুত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং সেবাপ্রদান আরও কার্যকর ও সবার জন্য সহজ হবে।
নোটিশ অনুযায়ী, নতুন লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ঠিকানা পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত সব আবেদন শুধু এলআইএমএস পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে। অনলাইন ছাড়া কোনো ম্যানুয়াল বা অফলাইন আবেদন আর গ্রহণ করা হবে না।
সব বিদ্যমান লাইসেন্সধারী, রেজিস্ট্রেশন সার্টিফিকেটধারী এবং এনলিস্টমেন্ট সার্টিফিকেটধারীদের জরুরি ভিত্তিতে এলআইএমএস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে তাদের প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় তথ্য আপডেট না করা হলে ই-লাইসেন্স ইস্যু করা হবে না। বিটিআরসি কর্মকর্তারা জানান, সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ, যার মাধ্যমে সব সরকারি সেবা ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে।
এলআইএমএস প্ল্যাটফর্ম চালু হলে আবেদন প্রক্রিয়ার সময় কমবে, আমলাতান্ত্রিক জটিলতা কমবে এবং ব্যবহারকারীরা রিয়েল-টাইমে তাদের আবেদনের অগ্রগতি দেখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সবাইকে দ্রুত এ প্রক্রিয়ায় যুক্ত হতে অনুরোধ জানানো যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে