Views Bangladesh Logo

সিম নিবন্ধনে নতুন সীমা: একজনের নামে সর্বোচ্চ ১০টি

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্যক্তিগত নামে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা কমিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন। আগে এই সীমা ছিল ১৫টি।

শনিবার (২৪ মে) বিটিআরসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ১৯ মে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয় পরে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বিটিআরসি জানিয়েছে, নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব গ্রাহক ১০টির বেশি সিম ব্যবহার করছেন, ধাপে ধাপে তাদের অতিরিক্ত সিম বন্ধ করে দেওয়া হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত গ্রহণের আগে বিষয়টি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। তাদের মতে, একজন ব্যবহারকারীর পক্ষে এত বেশি সিম ব্যবহার করা বাস্তবসম্মত নয়। জাতীয় নিরাপত্তা, অপারেটরদের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থেই সর্বোচ্চ ১০টি সিমের সীমা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসির হিসাবে, দেশে প্রতি মাসে প্রায় ৫০ লাখ সিম বিক্রি হয়। এর মধ্যে দেখা যাচ্ছে, অনেক গ্রাহক একদিনেই একাধিক সিম নিবন্ধন করছেন, যা অস্বাভাবিক প্রবণতা। এমনকি কিছু অসাধু খুচরা বিক্রেতা গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণ করে বেআইনিভাবে অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন করছেন,যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিটিআরসির হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ ছাড়িয়েছে। যদিও একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন, প্রকৃত নিবন্ধিত গ্রাহক রয়েছেন প্রায় ৬ কোটি ৭৬ লাখ। তাদের মধ্যে ৮০.৩২ শতাংশের নামে ৫টির কম সিম রয়েছে, ৬ থেকে ১০টি সিম ব্যবহার করছেন ১৬.২৩ শতাংশ এবং মাত্র ৩.৪৫ শতাংশ গ্রাহক ১১ থেকে ১৫টি সিম ব্যবহার করছেন।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, ২০১৭ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে ২০২২ সালে অতিরিক্ত সিম ডিরেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয় এবং লটারির মাধ্যমে কিছু সিম বন্ধও করা হয়। এবার সেই সীমা আরও কঠোরভাবে কমিয়ে আনা হলো।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে মোবাইল অপারেটররা কিছুটা চাপে পড়লেও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সিম ব্যবহারে জবাবদিহিতা প্রতিষ্ঠায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

বিটিআরসি জানিয়েছে, নতুন সীমাবদ্ধতা বাস্তবায়নের কাজ খুব শিগগিরই শুরু হবে এবং গ্রাহকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পর্যাপ্ত সময় নির্ধারণ করে দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ