‘সার্কেল’ ব্র্যান্ড ব্যবহার; রবিকে বিটিআরসির শোকজ
মোবাইল অপারেটর রবি আজিয়াটার নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ (Cirkle) ব্যবহার নিয়ে আপত্তি তুলেছে দেশব্যাপী লাইসেন্সধারী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিটিআরসির লিগ্যাল শাখা থেকে গত ২৬ অক্টোবর রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নোটিশ পাঠানো হয়। কমিশনের উপপরিচালক মো. মাইদুল ইসলাম নোটিশে স্বাক্ষর করেন। পরে একই তারিখ ও স্মারক নম্বরে নোটিশটি প্রতিস্থাপন করে পুনরায় জারি করা হয়। এর অনুলিপি কমিশনের চেয়ারম্যানের দপ্তর ও সার্কেল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহবুব আলমকে পাঠানো হয়েছে।
নোটিশে ‘সার্কেল’ নামে রবির কার্যক্রম বন্ধে নির্দেশ দেওয়া হবে না কেন, তা সাত দিনের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে।
বিটিআরসি নোটিশে উল্লেখ করেছে, ২০১৬ সালে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার শর্ত অনুযায়ী ‘রবি আজিয়াটা লিমিটেড’ নাম ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। ২০২৩ সালের ২৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগও নির্দেশনা দিয়েছিল, একীভূত হওয়ার পর এয়ারটেল আর স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত অপারেটর নয়, বরং রবির একটি ব্র্যান্ড।
কমিশনের অভিযোগ, ‘সার্কেল’ ব্র্যান্ড ব্যবহারের ক্ষেত্রে বিজ্ঞাপনে এয়ারটেলকে অপারেটর হিসেবে দেখানো হচ্ছে, যা একীভূত হওয়ার শর্তের সঙ্গে সাংঘর্ষিক।
এ ছাড়া বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্ক ২০১৬ সাল থেকে ‘Circle/সার্কেল’ নামে দেশব্যাপী ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছে। কমিশনের পূর্বানুমোদন ছাড়া একই ধরনের নাম ব্যবহার করে রবির কার্যক্রম বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, সে বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।
সার্কেল নেটওয়ার্ক গত ৮ সেপ্টেম্বর বিটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন করে। প্রতিষ্ঠানটি জানায়, ২০১৬ সালের ১ মার্চ দেশব্যাপী আইএসপি লাইসেন্স পাওয়ার পর থেকে ‘Circle Network’ নামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। লাইসেন্স নবায়ন, কমিশনের সঙ্গে যোগাযোগ, ট্যারিফ অনুমোদন ও প্রচারণায় দীর্ঘদিন ধরে এই নাম ব্যবহার করা হয়েছে।
তাদের দাবি, ‘Circle’ ও ‘Cirkle’ নামের বানান আলাদা হলেও উচ্চারণ ও দৃশ্যগত মিল রয়েছে। বিশেষ করে বাংলায় দুটি নামই ‘সার্কেল’ হিসেবে লেখা ও উচ্চারিত হয়। একই টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে দুই প্রতিষ্ঠানের কার্যক্রম থাকায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
প্রতিষ্ঠানটির আশঙ্কা, গ্রাহকরা দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বা অংশীদারত্ব রয়েছে বলে ভুল ধারণা করতে পারেন। এতে সার্কেল নেটওয়ার্কের দীর্ঘদিনের ব্যবসায়িক পরিচিতি ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
আবেদনে বলা হয়েছে, আলাদা লোগো ও ইংরেজি বানান ব্যবহার করলেও বাংলায় একই নাম হওয়ায় বিভ্রান্তি এড়ানো সম্ভব নয়। তবে রবির বৈধ টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনার অধিকার নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের দাবি, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্র্যান্ড নামের সুরক্ষা এবং গ্রাহক বিভ্রান্তি প্রতিরোধে ‘Cirkle’ বা ‘সার্কেল’ নামের ব্যবহার বন্ধে আইনগত ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হোক।
আবেদনের সঙ্গে লাইসেন্স ও ট্রেডমার্কের অনুলিপিও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ১৭ আগস্ট ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এয়ারটেলের পরিবর্তে নতুন ব্র্যান্ড ‘Cirkle’ চালু করে রবি। প্রতিষ্ঠানটি তখন জানায়, এটি পরিচালনগত পরিবর্তন নয়, বরং ব্র্যান্ডের বিবর্তন।
এয়ারটেলের গ্রাহকরা তাদের আগের ০১৬ নম্বর, প্যাকেজ ও ব্যালান্স অপরিবর্তিত রেখেই স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্র্যান্ডের গ্রাহক হয়েছেন। তরুণদের লক্ষ্য করে চালু করা এ ব্র্যান্ডের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিল রবি।
মতামত দিন