এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
মান পরীক্ষার সনদ ছাড়াই পোলট্রি ও মাছের খাদ্য উৎপাদন, জনপ্রিয় ব্র্যান্ডের নামে নকল টয়লেট্রিজ ও প্রসাধনী বাজারজাত এবং অনুমোদনহীন মিষ্টি-দই বিক্রির অভিযোগে এসিআই গদরেজ, আফতাব ফিডসহ সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর বাশিলা, হাজারীবাগ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই জানায়, রূপগঞ্জে পরিচালিত অভিযানে এসিআই গদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড এবং আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড বিএসটিআইয়ের মান সনদ ও প্যাকেজিং নিবন্ধন সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে পোলট্রি ও মাছের খাদ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল। এ অভিযোগে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় মান সনদ ছাড়া সিসা-অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনের দায়ে জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর বাশিলায় অভিযানে আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ জনপ্রিয় ব্র্যান্ড লিজল, হারপিক ও ভিমের সঙ্গে মিল রেখে নিম্নমানের হ্যান্ডওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হাজারীবাগে বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই মিষ্টি, বিস্কুট ও সেমাই বিক্রির দায়ে মিঠাই নামের একটি শোরুমকে ১ লাখ টাকা এবং অনুমোদন ছাড়া মিষ্টি ও দই বাজারজাত করার অভিযোগে অপূর্ব আনন্দ জলখাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, বাশিলায় লুৎফুন্নেসা খানম এবং হাজারীবাগে মো. মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতামত দিন