Views Bangladesh Logo

রমজান উপলক্ষে ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদার, বাজার থেকে ৪৯টি পণ্য প্রত্যাহার

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নিম্নমান পাওয়ায় ইফতার ও সেহরিতে ব্যবহৃত ৪৯টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে।

রোববার (১ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিল্প সচিব মো. ওবাইদুর রহমান। তিনি বলেন, রমজানে রোজাদারদের ব্যবহারের ফ্রুট ড্রিঙ্ক, ফ্রুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, পাস্তুরিত দুধ, ভোজ্য তেল, ঘি, নুডলস, সেমাই ইত্যাদি পণ্য বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

৭৫০টি নমুনা পরীক্ষা করে ৭০১টি পণ্য মানসম্মত পাওয়া গেলেও ৪৯টি পণ্য ভেজাল ধরা পড়ে। নিম্নমানের ভোজ্য তেল বাজারজাতের কারণে একটি কারখানা সিলগালা করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত সাত মাসে ১০৩টি কারখানা ও পেট্রোল পাম্প সিলগালা করা হয়েছে, এক হাজার ৪৭০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রমজান উপলক্ষে পণ্যের মান, ওজন ও পরিমাপে কারচুপি রোধে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

বাজারে নকল পণ্য ও নিম্নমানের পণ্য বিক্রি হওয়া ঠেকাতে বিএসটিআই র‍্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালাবে। নামি প্রতিষ্ঠানের পণ্যের নকল বাজারজাতের বিষয়েও সতর্ক করা হয়েছে। শিল্প সচিব বলেন, নিম্নমান বা নকল খাদ্যপণ্য ধ্বংসের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং সরবরাহ চক্র শনাক্ত করা হবে।

বিএসটিআই সারা বছর ভেজালবিরোধী অভিযান চালিয়ে আসলেও রমজানে তা আরও জোরদার করা হয়েছে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ