বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের (একাডেমিক) দায়িত্বরত অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদানপূর্বক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়, যা গত ১০/১১/২০২৪ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তৎপরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ এর উপাচার্য পদটি শূন্য রয়েছে। এই অবস্থায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’-এর ধারা ১৩ অনুযায়ী উপাচার্যের পদ শূন্য থাকায় উপ-উপাচার্যগণের মধ্য থেকে জ্যেষ্ঠ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএসএমএমইউর অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. শাহিনুল আলমকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
অধ্যাপক ডা. শাহিনুল আলম মেটাবোলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার রোগের অগ্রগণ্য গবেষক এবং এই বিষয়ে দেশের পথপ্রদর্শক বিজ্ঞানী। শুধু দেশেই নয়, তিনি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ফ্যাটি লিভার রোগ নির্ণয়, ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে