হাটখোলা সীমান্তে বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির পুশব্যাক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের সহায়তায় তাকে আবার সীমান্তের ওপারে ফেরত পাঠায়।
রোববার সকাল আটটার দিকে ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত ওই বৃদ্ধকে শূন্যরেখায় বসিয়ে রাখার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে, ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কৃষিকাজ করার সময় স্থানীয়রা এক বৃদ্ধকে দেখতে পান। তিনি পানি ও খাবার চান এবং নিজেকে ভারতের নাগরিক দাবি করে বলেন, ভোরে বিএসএফ তাকে বাংলাদেশে পাঠিয়েছে। পরে বিষয়টি বিজিবি ক্যাম্পে জানানো হয়।
স্থানীয় বাসিন্দা বাবু হোসেন বলেন, বৃদ্ধকে পানি দেওয়া হয় এবং পরে বিজিবি তাকে ভারতের দিকে ফেরত পাঠায়। তবে বিএসএফ তাকে আবার শূন্যরেখায় বসিয়ে রাখে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান জানান, ওই বৃদ্ধকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছিল। পরে বিজিবি তাকে পুশব্যাক করে ফেরত পাঠায়। তার দাবি অনুযায়ী, তিনি ভারতের নাগরিক।

মতামত দিন