চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ
চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্ত এলাকা থেকে জুলফিকার আলী (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জুলফিকার আলী দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে। তিনি স্থানীয় একটি বিস্কুট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের দাবি, শনিবার বিকেলে কয়েকজনের সঙ্গে সীমান্ত এলাকায় খড়ি কুড়াতে গেলে আন্তর্জাতিক চেকপোস্টের মাঝামাঝি এলাকায় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও জুলফিকারকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। তাদের দাবি, তাকে মারধর করতে করতে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।
তবে ভিন্ন তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জুলফিকার সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে থাকা নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে ভারতের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে স্বাভাবিক নিয়মে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন