৮ ঘণ্টা আটকে রাখার পর দুই বাংলাদেশি স্কুলছাত্রকে ফেরত দিল বিএসএফ
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সদর উপজেলার পাটিসিরি সীমান্ত এলাকায় আট ঘণ্টা আটক রাখার পর দুই বাংলাদেশি স্কুলছাত্রকে ফেরত দিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মীরগড় সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা দুই কিশোর হলো ইন্দ্রজিৎ রায় (১৪), সপ্তম শ্রেণির ছাত্র এবং উদয় চন্দ্র রায় (১৪), নবম শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী প্রধানপাড়া এলাকায় তাদের বোন রাধিকা রানিকে দেখতে গিয়েছিল। পরে তারা সীমান্ত এলাকার কাছে ঘুরতে যায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে তারা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ছবি তুলছিল। এ সময় নিকটবর্তী একটি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। স্থানীয়রা আরও অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের মারধরও করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আট ঘণ্টার মধ্যেই তাদের ফেরত আনা সম্ভব হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে