Views Bangladesh Logo

বেনাপোল সীমান্তে পুশইনের জন্য জড়ো করা ব্যক্তিদের সরিয়ে নিল বিএসএফ

বেনাপোলের সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে জোরপূর্বক পুশইন করা ১০ থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ জুন) সকালে তাদের সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে শূন্যরেখা থেকে এসব ব্যক্তিকে সরিয়ে নেওয়ার পর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্যও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক টহল চলছে।

গত রোববার রাত থেকে সাদিপুর সীমান্তে পুশইনকে কেন্দ্র করে তিন দিন ধরে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা চলছিল। এ সময় শূন্যরেখায় আটকে থাকা ওই ব্যক্তিরা খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে জঙ্গলের মধ্যে মানবেতর জীবন কাটান।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফ এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশি নাগরিক দাবি করে কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম না মেনেই বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ফলে তারা সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন। তবে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে গ্রহণযোগ্য কোনো প্রমাণ না থাকায় তাদের গ্রহণে অস্বীকৃতি জানায় বিজিবি। নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট অবস্থান নেয় বাহিনীটি।

এর আগে গত রোববার (৩১ মে) রাতে সাদিপুর সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে ১০০ থেকে ১২০ জনকে জড়ো করে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বিজিবির কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় সূত্রের ভাষ্য, ওই ব্যক্তিদের সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করিয়ে রাখা হয়েছিল।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গত ৩১ মে থেকে বিভিন্ন গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশইনের আশঙ্কা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে টহল ও জনবল বাড়ানো হয় এবং ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন।

তিনি বলেন, ৩১ মে রাতে ভারতীয় অংশে কাঁটাতারসংলগ্ন এলাকার সীমান্ত বাতি বন্ধ করে দেওয়া হলে পুশইনের আশঙ্কা তৈরি হয়; একপর্যায়ে ১০০ থেকে ১২০ জনকে গাড়ি থেকে নামাতে দেখা যায়। এরপর টহল আরও জোরদার করে মাইকিং ও বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করা হয়। তারপরও বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জনকে বের করে দেয়, যারা শূন্যরেখার ভারতীয় অংশে কিছুটা দূরে অবস্থান নেয়। তাদের কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়ে তিনি বলেন, বুধবার সকাল থেকে আর তাদের দেখা যাচ্ছে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ