Views Bangladesh Logo

ছয় সীমান্ত পয়েন্টে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত তিন দিনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থান, টহল জোরদার এবং স্থানীয় জনসাধারণের প্রতিরোধের মুখে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, মেহেরপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তের অন্তত ছয়টি পয়েন্টে পুশ-ইনের চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে ২৮ জনকে ফেরত নেয় বিএসএফ
৪ জুন ভোরে গোমস্তাপুর উপজেলার বঙ্গাবাড়ী সীমান্তের ২০৩/৬-আর পিলার এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। দুই দফা পতাকা বৈঠকেও সমাধান না হওয়ায় প্রায় দুই দিন পর শনিবার বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

নওগাঁ সীমান্তে ১৭ জনকে ঢোকানোর চেষ্টা
৫ জুন সকালে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবি কঠোর অবস্থান নিলে রাতের দিকে বিএসএফ তাদের জোরপূর্বক ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, ফেরত নেওয়ার সময় ওই ব্যক্তিরা কান্নাকাটি করছিলেন।

লালমনিরহাটে পাঁচ সীমান্ত পয়েন্টে ৩৩ জনকে পাঠানোর চেষ্টা
একই দিন ভোরে হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়। পরে রাতের অন্ধকারে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে ওই ব্যক্তিদের আবার ভারতীয় এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

মেহেরপুরে কাঁটাতারের বেড়া খুলে পুশ-ইনের অভিযোগ
৬ জুন ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে আন্তর্জাতিক ১৪০/৫-এস পিলার এলাকা দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ কাঁটাতারের একটি অংশ খুলে তাদের বাংলাদেশমুখী করার চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীরা বাধা দিলে তারা শূন্যরেখায় অবস্থান নেয়।

পঞ্চগড়ে নারী-শিশুসহ ১০ জন
৫ জুন ভোরে পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ প্রাইনপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ-ইনের চেষ্টা চালানো হয়। বিজিবি তাদের প্রবেশে বাধা দেয়। একাধিক পতাকা বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি।

ঠাকুরগাঁওয়ে ১১ জনকে ফেরত পাঠানো
৬ জুন ভোরে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে শিশুদেরসহ ১১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়। বিজিবির টহল দল সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে কঠোর অবস্থান নিলে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।

বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কোনো ধরনের পুশ-ইন গ্রহণ করা হবে না। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ