Views Bangladesh Logo

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় বসে কাঁদছেন নারী-শিশুরা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে নারী ও শিশুসহ ওই ১২ জন সীমান্তের শূন্যরেখার কাছাকাছি একটি পাটখেতের আইলে অবস্থান করছেন।

শুক্রবার (১২ জুন) ভোরের দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করলে তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিতে বাধ্য হয়।

স্থানীয় বাসিন্দা নীল চাঁদ জানান, দুপুরের প্রচণ্ড রোদে নারী ও শিশুরা চরম কষ্টে আছেন। চারজন পুরুষ নীরবভাবে বসে থাকলেও নারীরা কান্নায় ভেঙে পড়েন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন এবং কয়েকটি শিশু রয়েছে, যাদের বয়স ১০ মাস থেকে ৪ বছর পর্যন্ত। খাবারের অভাবে শিশুরা দুর্বল হয়ে পড়েছে বলে তিনি জানান। পরে তিনি কিছু শুকনো খাবার, দুধ ও কলা পৌঁছে দেন।

বিজিবি সূত্র জানায়, আটকেপড়া ওই ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা বর্তমানে ভারতের দিকের কাঁটাতারের বাইরের অংশে সীমান্ত শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছে।

প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বলেন, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। কোনোভাবেই অবৈধ পুশ-ইন হতে দেওয়া হবে না।

তিনি জানান, বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও বিএসএফ তা পিছিয়ে দিয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়দের সহযোগিতায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, স্থানীয় জনগণ ও বিজিবির যৌথ প্রতিরোধে পুশ-ইনের চেষ্টা সফল হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ