Views Bangladesh Logo

নতুন করে আরও ৩৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

দিনাজপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার ও নওগাঁ সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ আরও ৩৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এসব ব্যক্তিকে বিজিবি আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। আটকরা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করেছেন এবং জানিয়েছেন, বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৪০ দিনে বিএসএফ এভাবে মোট ১,৪৩৫ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ।

শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তের ২৯৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার দিয়ে একই পরিবারের ১৪ জনসহ মোট ১৫ জনকে ঠেলে দেয় বিএসএফ। বিজিবির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে ৯ শিশু ও ৩ নারী রয়েছেন। তারা সবাই দাবি করেন, তারা নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা। ২০২৪ সালের ৭ অক্টোবর বেনাপোল সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেন এবং পরে মুম্বাইয়ে কাজ করতে যান।

একই দিন ভোরে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে তিন নারী ও ছয় শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। নিউ পাল্লাথল বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ জানান, তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

পঞ্চগড়ের গোলাবাড়ি সীমান্ত দিয়ে তিন নারী, দুই পুরুষ ও দুই শিশুসহ সাতজনকে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের টহল দল মেইন পিলার ৭৪৩-এর ১ নম্বর সাব-পিলার এলাকা থেকে তাদের আটক করে। তারা দাবি করেন, তারা নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। এ নিয়ে পঞ্চগড় সীমান্তে চলতি মাসেই পাঁচ দফায় ৬০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে।

নওগাঁর ধামইরহাট উপজেলার জগদ্দল মাঠ এলাকা দিয়ে আছিয়া বেগম (৫০) নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ১০ বছর ধরে আয়ার কাজ করছিলেন। তাঁর বাড়ি যশোর জেলার ইশবপুর এলাকায়।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে ফেরত পাঠায় বিএসএফ। আটজনের বাড়ি বাগেরহাটে এবং একজনের ময়মনসিংহে। তারা সবাই ভারতের চেন্নাইয়ে কাজ করতেন এবং চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে দালালের মাধ্যমে দেশে ফেরার চেষ্টা করছিলেন। ভারতের মেঘালয়ের শীবগঞ্জ পুলিশ তাদের আটক করে পরে সীমান্তে পাঠায়।

বিজিবি বলছে, এসব ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ