কমলগঞ্জ সীমান্তে ২১ জনকে বিএসএফের ‘পুশ ইন’
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ২১ জনকে পুশ ইন (ঠেলে পাঠানো) করেছে । সোমবার (২৬ মে) সকাল পৌনে ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ, ৬ জন নারী ও ৮ শিশু। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের যাচাই-বাছাই শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
আটক ব্যক্তিরা হলেন— কুড়িগ্রামের সদর থানার দেওয়াবের খামার গ্রামের বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫); ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি গ্রামের মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮); রাঙ্গামাটি গ্রামের আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিতা (২); এবং নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০), রাবেয়া খাতুন (২)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আটকদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ৭ মে কমলগঞ্জের দলই সীমান্ত দিয়েও নারী ও শিশুসহ ১৫ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ। চলতি মাসে কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো মোট ৩৬ জনকে আটক করল বিজিবি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে