বন্দুক-ওয়াকিটকি ফেলে পিছু হটল বিএসএফ সদস্যরা, দুঃখপ্রকাশ বিএসএফের
লালমনিরহাট সীমান্তে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে পড়ে নিজেদের সঙ্গে থাকা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতীয় সীমানায় ফিরে যেতে বাধ্য হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম বা হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে গবাদিপশু চরানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ওই বিএসএফ সদস্যরা। একপর্যায়ে সীমান্ত এলাকার মানুষ একজোট হয়ে প্রতিবাদ জানালে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়ে বিএসএফ সদস্যরা নিজেদের অস্ত্র ও ওয়াকিটকি ফেলে রেখে পিছু হটেন।
পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বিষয়টির সুরাহা হলে উদ্ধারকৃত অস্ত্র ও ওয়াকিটকি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দিয়েছেন।’
মতামত দিন