২০ দিন পর ভারতে ফিরলেন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান
পাকিস্তানে ২০ দিন আটক থাকার পর অবশেষে ভারতে ফিরলেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার সাউ। ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণার তিন দিন পর বুধবার (১৪ মে ২০২৫) সকালে পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরেন তিনি।
বিএসএফের এক বিবৃতিতে বলা হয়, ‘২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকাল ১০টা ৩০মিনিটে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে। এই হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং সব প্রোটোকল মেনে সম্পন্ন করা হয়েছে।’
৪০ বছর বয়সী পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্মরত ছিলেন। গত ২৩ এপ্রিল তিনি ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। পাঠানকোটের কাছে একটি গাছের নিচে বিশ্রামের সময় পাকিস্তান রেঞ্জার্স তাকে হেফাজতে নেয়। সাধারণত সীমান্তে এমন ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ‘পতাকা বৈঠক’ এর মাধ্যমে জওয়ানকে মুক্তি দেয়া হয়। কিন্তু পাকিস্তান এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাকে মুক্তি দেয়নি। পেহেলগামে জঙ্গি হামলার পর উত্তপ্ত পরিস্থিতি এবং যুদ্ধের আবহ এই ঘটনাকে জটিল করে তুলেছিল। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি মুক্তি পান।
জানা গেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা পূর্ণমকে ফিরিয়ে আনার জন্য গত ২০ দিন ধরে নিরলসভাবে কাজ করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কয়েক দিন আগে পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে ফোনে কথা বলে পরিবারকে সান্ত্বনা দেন।
পূর্ণম পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার বাসিন্দা। তিনি পাকিস্তানের হেফাজতে থাকাকালীন তার স্ত্রী রজনী পাঠানকোট এবং ফিরোজপুরে বিএসএফ কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করে তার মুক্তির জন্য সহায়তা চেয়েছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে