Views Bangladesh Logo

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৩ এপ্রিল) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেরত আসা দুই যুবক হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চরের ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) ও ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।

বিজিবি জানায়, রোববার (১২ এপ্রিল) নাগেশ্বরী বিজিবি চৌদ্দঘুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভুলক্রমে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন তারা। পরে বিএসএফ তাদের আটক করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা চৌদ্দঘুড়ি বিওপিকে অবহিত করেন।

বিজিবি আরও জানায়, আটকের ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, ফেরত দুই যুবককে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিজিবির উপস্থিতিতে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ