সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৯ মে) সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের ২০৩৭ নম্বর সীমান্ত পিলারের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুটি হস্তান্তর করে বিএসএফ।
নিহতরা হলেন— ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মোরছালিন (২০) এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নোবির হোসেন (৫৫)। দুজনই গোপীনাথপুর ইউনিয়নের বাসিন্দা।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক এস. এম. শরিফুল ইসলাম। এছাড়া কসবা থানার ওসি নাজনিন সুলতানা ও পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন।
পরে চোরাচালানি পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের টহল দল তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে মোরছালিন ও নোবির হোসেন গুলিবিদ্ধ হন। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই মরদেহ দুটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে