মেহেরপুরে সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ৩০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার দুপুর ১২টার দিকে গাংনীর কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ সদস্যরা তাদেরকে বিজিবির হাতে তুলে দেন।
কাজীপুর বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন বলেন, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশের বিভিন্ন জেলার ৮ জন পুরুষ, ১৬ জন নারী ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৬ জনসহ মোট ৩০ জন জেল থেকে ছাড়া পায়। সেখান থেকে ভারতীয় পুলিশ তাদের বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করেছে। হস্তান্তর হয়ে আসাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এখনো তাদের থানায় সোপর্দ করা হয়নি। থানায় পাঠানো হলে পরিবারের লোকজনকে খবর দিয়ে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মতামত দিন