কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার নারায়ণপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
দুপুর দেড়টার দিকে সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রোহিত দেওয়ান (কং/২১৬৬) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। মাদক উদ্ধারের অভিযানে গিয়ে এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে চলে যান। এ সময় ভারতীয় নাগরিকেরা তাঁকে আটক করেন।
পরে কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই মো. ইমরান হোসেনও আটক হন। এরপর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয় এবং তাঁদের হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে নারায়ণপুর সীমান্তে দুই বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে।
পতাকা বৈঠকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।
মতামত দিন