ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোশাররফ জয়নগর এলাকার প্রয়াত মো. মোস্তফার ছেলে বলে জানা গেছে।
তিনি জানান, শুক্রবার বিকেলে সীমান্তের কাছে নিজের জমিতে কাজ করছিলেন তিনি। এসময় কোনো উসকানি ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা আহত মোশাররফের শরীর থেকে গুলির কয়েকটি খণ্ড বের করতে সক্ষম হলেও বেশ কিছু অংশ এখনও পেটের ভেতরে রয়ে গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মতামত দিন