মার্জিন ঋণের বিধিনিষেধ শিথিল করছে বিএসইসি, আসছে স্ক্রিপ নেটিং সুবিধা
পুঁজিবাজারে মার্জিন ঋণ গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান বেশ কয়েকটি বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিপ নেটিং চালুরও নীতিগত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই সংশোধিত মার্জিন ঋণ বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বর্তমানে অন্তত এক বছর ধরে ন্যূনতম পাঁচ লাখ টাকার বিনিয়োগ রয়েছে এবং পাঁচ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ‘বি’ ক্যাটেগরির শেয়ারের ক্ষেত্রে মার্জিন ঋণ গ্রহণে যে সীমাবদ্ধতা রয়েছে, তা তুলে দেওয়া হচ্ছে।
এ ছাড়া মার্জিন অ্যাকাউন্টে নগদ অর্থ ব্যবহার করে নন-মার্জিনযোগ্য শেয়ার কেনার সুযোগ রাখা হচ্ছে। বিধিমালার বাস্তব প্রয়োগে থাকা বিভিন্ন জটিলতা দূর করতেও আরও কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
স্ক্রিপ নেটিংয়ে একই দিনে একাধিকবার কেনাবেচার সুযোগ
বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) স্ক্রিপ নেটিং চালুর অনুমোদন দিয়েছে। এ সুবিধা চালু হলে একজন বিনিয়োগকারী একই দিনে একটি নির্দিষ্ট শেয়ার কিনে পরে সেটি বিক্রি করে আবারও লেনদেন করতে পারবেন। তবে এ সুবিধা চালুর ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিদ্যমান আইন কঠোরভাবে অনুসরণের শর্ত দিয়েছে কমিশন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানিয়েছেন, সফটওয়্যার উন্নয়নের জন্য অন্তত চার মাস সময় লাগবে। প্রাথমিকভাবে ব্লুচিপভুক্ত প্রায় ৩০টি শেয়ারে এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
সংশোধিত খসড়ায় মার্জিনযোগ্য সিকিউরিটিজের ক্ষেত্রে মূল্য-আয় (পিই) অনুপাত ৩০ বহাল রাখার প্রস্তাব রয়েছে। এ ছাড়া গৃহিণী ও শিক্ষার্থীদের মার্জিন ঋণ গ্রহণে বিদ্যমান নিষেধাজ্ঞাও তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মতামত দিন