Views Bangladesh Logo

আইপিও ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ বাড়াল বিএসইসি

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই দেশের পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতদিন এ পদ্ধতিতে মূলত রাষ্ট্রায়ত্ত কোম্পানির তালিকাভুক্তির সুযোগ থাকলেও নতুন প্রজ্ঞাপনে বেসরকারি, বিদেশি মালিকানাধীন এবং নির্দিষ্ট আর্থিক সক্ষমতাসম্পন্ন কোম্পানিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুরোপুরি সরকারি মালিকানাধীন অথবা সরকারের অন্তত ৫১ শতাংশ মালিকানা রয়েছে—এমন কোম্পানি সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। এ ছাড়া কোনো কোম্পানিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা থাকলে এবং তাতে সরকারের অংশীদারত্ব পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ হলে সেই কোম্পানিও এ সুযোগ পাবে।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন অথবা বিদেশিদের অন্তত ৫১ শতাংশ মালিকানা রয়েছে—এমন কোম্পানিও সরাসরি তালিকাভুক্তির যোগ্য হবে। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি এ সুযোগ পাবে।

এ ছাড়া বছরে অন্তত ১ হাজার কোটি টাকা টার্নওভার রয়েছে—এমন কোম্পানি, বিএসইসিতে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি এবং কমিশন ঘোষিত যোগ্য কোম্পানিও সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।

২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তির পদ্ধতি চালুর পর এ প্রক্রিয়ায় শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো হলো ডেসকো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাস।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিকস, এসিআই ফর্মুলেশনস, নাভানা সিএনজি, ওশান কনটেইনারস ও খুলনা পাওয়ার কোম্পানি।

২০০৯ সালের ৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, সরাসরি তালিকাভুক্তির এ পদ্ধতিতে কেবল রাষ্ট্রায়ত্ত কোম্পানিই শেয়ার ছাড়তে পারবে। তবে সিদ্ধান্তের আগে আবেদন করায় ওশান কনটেইনারস ও খুলনা পাওয়ার কোম্পানি ২০১০ সালে তালিকাভুক্তির অনুমোদন পায়। এরপর থেকে কেবল রাষ্ট্রায়ত্ত কোম্পানির জন্যই এ সুযোগ সীমিত ছিল। নতুন প্রজ্ঞাপনের ফলে সরাসরি তালিকাভুক্তির আওতা আবারও বিস্তৃত হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ