বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, পদত্যাগ করলেন রাশেদ মাকসুদ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান। তার পাশাপাশি কমিশনে নতুন তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সকালে পদত্যাগ করেন সংস্থাটির বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চারজন কমিশনার।
নতুন নিয়োগ পাওয়া তিন কমিশনার হলেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান। নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এদিকে বিদায়ী চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ চার কমিশনার আজ সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। বিভাগ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা চার কমিশনার হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।
প্রায় ২১ মাস দায়িত্ব পালনের পর সরে দাঁড়ানো রাশেদ মাকসুদ এক বিবৃতিতে জানান, পুঁজিবাজারের অস্থির সময়ে দায়িত্ব নিয়ে তিনি ও তার দল আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তার দাবি, এই সময়ে মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র ও হুইসেলব্লোয়ার-সংক্রান্ত পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং করপোরেট গভর্ন্যান্স, অডিট ও করপোরেট পুনর্গঠন নিয়ে তিনটি খসড়া বিধিমালা জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিএসইসি আইন ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়া তৈরি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিদায়ের ঘোষণায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারী, পুঁজিবাজার-সংশ্লিষ্ট অংশীজন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ মাকসুদ।

মতামত দিন